সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, তিন কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং মুড়ি তৈরিতে শিল্প লবণ ব্যবহারের অভিযোগে তিনটি খাদ্য কারখানাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) বিসিক শিল্পনগরীর মেসার্স ভাই ভাই ফুড ইন্ডাস্ট্রি, মেসার্স বাবুল চিড়া মুড়ি ইন্ডাস্ট্রি ও মেসার্স আমানত ফুড ইন্ডাস্ট্রিতে অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, তিনটি কারখানাতেই স্যাঁতসেঁতে, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি নোংরা পাত্রে রাখা পানির সঙ্গে শিল্প লবণ মিশিয়ে তা মুড়ি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল।

অভিযানকারী দল জানায়, ভাই ভাই ফুড ইন্ডাস্ট্রিতে টয়লেটের পাশে শিল্প লবণ সংরক্ষণ করা ছিল। বাবুল চিড়া মুড়ি ইন্ডাস্ট্রিতে জেনারেটরের পাশে স্যাঁতসেঁতে স্থানে শিল্প লবণ রাখা হয়। এছাড়া আমানত ফুড ইন্ডাস্ট্রিতে খোলা মুড়ির পাশে কবুতর পালন করতে দেখা যায়।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কারখানা মালিকদের দেশের প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button