

আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তাই ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সবাইকে একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে এবং যে কোনো ধরনের কারচুপির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি যে ভোট দেওয়া হবে, সেই অধিকার এক সময় দেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, বহু পরিবার প্রিয়জন হারিয়েছেন।
তিনি আরও বলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো সক্রিয়। এক পক্ষ দেশ ছেড়ে গেছে, কিন্তু অন্য একটি গোষ্ঠী সব সময় ক্ষমতার সঙ্গে জড়িত ছিল। গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি উল্লেখ করেন, এই সময় আন্দোলনে তারা কোথাও দেখা যায়নি, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতাসীনদের সঙ্গে ছিল।
ভোটের দিন করণীয় বিষয়ে নির্দেশনা দিয়ে তিনি বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজ নিজ এলাকায় একসঙ্গে ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানরা সেখানে জামাতে নামাজ পড়বেন এবং অন্য ধর্মের মানুষকেও সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন। সকাল সাতটায় ভোটকেন্দ্র খুলবে, সেই সময়ই ভোট দেওয়ার কাজ শুরু করতে হবে। কোনো দেরি করা যাবে না।
২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় খালি ব্যালট বক্স দেখিয়ে পরে ভরা ব্যালট বক্স দেখানো হয়েছিল। সেই অভিজ্ঞতা ভুলে গেলে চলবে না। ভোট কারচুপির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অনেক সময় ভোটকেন্দ্রের সামনে লাইন আছে, কিন্তু লাইন নড়ছে না; বুঝতে হবে ভেতরে সিল মারা শুরু হয়েছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধু ভোট নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনসভা শেষে তিনি নওগাঁ ও জয়পুরহাটের ধানের শীষ প্রতীকের আটজন প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। রাতের নির্বাচনী জনসভা আলতাফুন্নেসা মাঠে অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। ওই সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থী ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।



