ইতিহাস ঐতিহ্যধর্মসারাদেশ

টঙ্গীতে ৫ দিনের জোড় বিশ্ব ইজতেমা কাল শুরু

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার বাদ ফজর শুরু হচ্ছে শুরায়ে নেজামের ৫ দিনের জোড় ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) এই ইজতেমার সমাপ্তি হবে। বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ জোড় ইজতেমা তাবলীগ জামাতের বার্ষিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন।

শুরায়ে নেজাম (হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ অনুসারি) পক্ষের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছর বিশ্ব ইজতেমার প্রস্তুতির লক্ষ্যে ৪০ দিন আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এখানে দেশ–বিদেশের চিল্লাধারী সাথীরা সারাবছরের দাওয়াৎ, মেহনত, কাজের মূল্যায়ন এবং জ্যেষ্ঠ মুরুব্বিদের কাছ থেকে রাহবারি নেওয়ার সুযোগ পান।

ইতোমধ্যে দেশ–বিদেশের সাথীরা ময়দানের উত্তর-পূর্ব কোণে অবস্থিত টিনশেড মসজিদে সমবেত হচ্ছেন। সেখানকার বিশেষ মিম্বারে বসে মুরুব্বিরা আগত সাথীদের উদ্দেশ্যে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, মাওলানা জোবায়ের অনুসারীদের এই ৫ দিনের জোড় ইজতেমা নির্বিঘ্ন করতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। মুসল্লিদের আগমন, যাতায়াত এবং ময়দান সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি থাকবে।

এর আগে গত ৭–১১ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে ৫ দিনের জোড় ইজতেমা সম্পন্ন করেছেন মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা। নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারি পক্ষের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

টঙ্গীর এবারের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস ও আধ্যাত্মিক উদ্দীপনা দেখা গেছে। বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক প্রস্তুতির অন্যতম ধাপ হিসেবে এ জোড় ইজতেমা তাবলীগ জামাতের বৈশ্বিক দাওয়াতি কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button