জাতীয়

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা মহানগর ইমারত বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ দিতে তিন সদস্যের মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২৮ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে ঢাকা মহানগর ইমারত বিধিমালা কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো নিশ্চিত করতে ‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ পর্যালোচনা করা। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও চূড়ান্ত করার বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। পাশাপাশি কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধিত আইন ও বিধিমালার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবে মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button