রাজনীতি

জামায়াত আমিরের পোস্ট ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

অনলাইন নিউজ ডেস্ক

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে প্রকাশিত ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে যে মন্তব্য প্রকাশ করা হয়েছে, তা চরম অবমাননাকর ও আপত্তিকর। এর প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির স্থান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন উল্লেখ করা হয়।

এর আগে শনিবার রাতে ডা. শফিকুর রহমান দাবি করেন, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

এক্সে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে যে বক্তব্যগুলো প্রচার করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া ও মনগড়া। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার মধ্যেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button