

লিগ পর্বের শেষ ম্যাচের নাটকীয়তার রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে–অফ ড্রয়ে একই দুই দলকে ফের প্রতিপক্ষ হিসেবে পাওয়া গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হয়, ফেব্রুয়ারিতে দুই লেগের লড়াইয়ে শেষ ষোলোতে জায়গা করে নিতে রিয়াল ও বেনফিকাকে আবার মাঠে নামতে হবে।
লিগ পর্বের শেষ দিনে একই সময়ে শুরু হওয়া ১৮টি ম্যাচের মধ্যে সবচেয়ে নাটকীয় ছিল রিয়াল–বেনফিকা লড়াই। যোগ করা সময় পর্যন্ত গড়ানো ওই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল দুই দলের ভবিষ্যৎ। রিয়ালের দরকার ছিল একটি গোল করে সেরা আটে উঠে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করা। অন্যদিকে বেনফিকার লক্ষ্য ছিল একটি গোল করে ২৪তম হয়ে প্লে–অফের টিকিট পাওয়া। শেষ পর্যন্ত যোগ করা সময়ে বেনফিকার করা গোলেই তাদের লক্ষ্য পূরণ হয়, আর নবম স্থানে নেমে গিয়ে প্লে–অফ খেলতে বাধ্য হয় রিয়াল।
লিগ পর্বে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে নিয়ে প্লে–অফের ড্র অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল বোডো/গ্লিমট অথবা বেনফিকা। ড্রয়ে শেষ পর্যন্ত বেনফিকার সঙ্গেই জুটি বাঁধে স্প্যানিশ জায়ান্টরা।
রিয়াল–বেনফিকার পাশাপাশি ড্রয়ের আরেকটি আলোচিত ম্যাচআপ হলো মোনাকো ও পিএসজির লড়াই। একই লিগের দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ায় এই ম্যাচটিও বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
প্লে–অফের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।
- চ্যাম্পিয়ন্স লিগ প্লে–অফের ম্যাচআপগুলো
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
মোনাকো বনাম পিএসজি
কারাবাগ বনাম নিউক্যাসল
বোডো/গ্লিমট বনাম ইন্টার মিলান
গালাতাসারাই বনাম জুভেন্টাস
ডর্টমুন্ড বনাম আতালান্তা
ক্লাব ব্রুগা বনাম আতলেতিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস বনাম লেভারকুসেন



