খেলাধুলা

বলের আঘাতে গুরুতর আহত বেন স্টোকস

সতীর্থদের অনুশীলন দেখার সময় বলের আঘাতে আহত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এতে তার মুখে চোট লাগে, ডান পাশে কেটে যায় এবং চোখের নিচে ফোলা দাগ দেখা দেয়। নাক থেকেও রক্তপাত হয়েছে বলে জানা গেছে।

ইনজুরি কাটিয়ে ফেরার প্রক্রিয়ায় থাকা এই অলরাউন্ডারের ক্ষেত্রে অনুশীলনের মাঝেই দুর্ঘটনাটি ঘটে। তখন নেটে কাউন্টি ক্লাব ডারহামের ক্রিকেটাররা অনুশীলন করছিলেন। স্টোকস নিজে ব্যাটিং বা বোলিং করছিলেন না, পাশ থেকে দেখছিলেন।

ঘটনার পরও বিষয়টি নিয়ে রসিকতা করতে ভোলেননি তিনি। আহত মুখের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে হাসির ইমোজিসহ লিখেছেন, বলের গতি ও শক্তি কেমন হতে পারে, তা দেখার মতো।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর অ্যাডাক্টর চোটে পড়েন স্টোকস এবং তখন থেকেই পুনর্বাসনে ছিলেন। এ মাসের শেষ দিকে সুস্থ হয়ে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি যাওয়ার কথা ছিল তার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর সাদা বলের ক্রিকেট খেলেননি স্টোকস। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দলে নেই। ইংল্যান্ডের দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অলরাউন্ডার।

আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে। এর আগে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার পরিকল্পনা আছে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের। অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারার পর স্টোকস জানিয়েছিলেন, কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তিনি টেস্ট দলের দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button