তথ্য ও প্রযুক্তি

দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মতো ভার্চুয়াল টেলিকম অপারেটর হিসেবে কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটির মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিসিএল এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হয়। পরীক্ষামূলক এই পর্যায়ে গ্রাহকদের জন্য তিন ধরনের সুবিধা রাখা হয়েছে—আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা এবং কোয়াড-প্লে সেবা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই সিমটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

গত ৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম সফলভাবে সচল হয়েছে। ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন—এই চারটি ক্ষেত্রে সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে এবং কল পরীক্ষাও সফল হয়েছে।

তিনি আরও বলেন, বিটিসিএলের গুলিস্তান/রমনা কার্যালয়ে সরেজমিনে প্রভিশনিং, অ্যাক্টিভেশন ও টেস্ট কল পর্যবেক্ষণ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি লাইভ পাইলট শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, এমভিএনও ও ট্রিপল-প্লে সেবা নিয়ে কাজ চলছে এবং এগুলো একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিটিসিএলের এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ। মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটরের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা চালুকে ডিজিটাল কানেক্টিভিটি ও সেবা উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button