

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ আসনটি শূন্য ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে তারেক রহমানের পাঠানো চিঠি কমিশন পেয়েছে। তবে এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি।
আইন অনুযায়ী, কোনো প্রার্থী একই নির্বাচনে একাধিক আসন থেকে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন বা আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)–এর ধারা ১৯(১)(খ) অনুযায়ী, একজন ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন।
ধারা ১৯(২) অনুযায়ী, একাধিক আসন থেকে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করবে।



