

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দুই দেশের সম্পর্ক বহু পুরনো এবং কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে তা আরও দৃঢ় হয়েছে।
তিনি বলেন, পারস্পরিক লাভজনক সহযোগিতার মাধ্যমে চীন ও বাংলাদেশ আদান-প্রদানের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের নতুন সরকারের মসৃণভাবে দায়িত্ব পালনে চীন সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
লি কিয়াং আরও বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করা প্রয়োজন। এতে চীন-বাংলাদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে এবং উভয় দেশের জনগণ আরও উপকৃত হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।



