

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদকে ঘিরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রোববার (২৪ মে) ছিল জগন্নাথপুর পৌর সদরের সাপ্তাহিক হাটবার। এ উপলক্ষে পৌর শহরের হেলিপ্যাড মাঠে বসে কোরবানির পশুর বৃহৎ হাট।
হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারি ও কৃষকেরা আকর্ষণীয় গরুর পসরা সাজিয়ে বসেন। সকাল থেকে বৃষ্টিপাত হলেও দুপুরের পর ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাট জমে ওঠে। বিশেষ করে দেশীয় গরুর আমদানি ছিল চোখে পড়ার মতো।
হাটে গরুর ব্যাপক আমদানির পাশাপাশি ক্রেতাদেরও উপচেপড়া ভিড় দেখা যায়। একপর্যায়ে হেলিপ্যাড মাঠে জায়গা সংকুলান না হওয়ায় পশুর হাট পশ্চিম দিকে পুরাতন থানা এলাকা, দক্ষিণ দিকে নতুন থানা এলাকা এবং পূর্ব দিকে আর্চসেতু পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। এতে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পশুর হাটের ভিড়ে যানজট, নিয়ন্ত্রণে হিমসিম ট্রাফিক পুলিশের হাটের ইজারাদারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা ও দায়িত্ব পালন করেন।
হাটে গরুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। অনেক ক্রেতার অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম বেশি। তবে বিক্রেতারা বলছেন, বাজার পরিস্থিতি বিবেচনায় দাম তুলনামূলকভাবে সহনীয় রয়েছে।
হাটে আসা ক্রেতারা প্রথমে পছন্দের গরু নির্বাচন করেন। পরে চলে দরদাম ও দীর্ঘ সময়ের দাম কষাকষি। একপর্যায়ে বেচাকেনা সম্পন্ন হয়। দিনব্যাপী এমন কেনাবেচায় জমজমাট হয়ে ওঠে পুরো পশুর হাট।
হাটে ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরও ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।



