জাতীয়

সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের “প্রতিহিংসার রাজনীতি”-এর কারণে ঐতিহাসিক এই স্থাপনাটি দীর্ঘদিন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাদুঘরটি আগের মর্যাদায় ফিরিয়ে আনার পাশাপাশি আধুনিকায়নের মাধ্যমে জিয়াউর রহমান-এর স্মৃতি ও ব্যবহৃত নিদর্শন সংরক্ষণ করা হবে। সংস্কার কাজের সুবিধার্থে জাদুঘরের কয়েকটি কক্ষ বর্তমানে খালি রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যুদ্ধে অংশ নেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার অবদানকে যথাযথভাবে সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি সংস্কার করা হচ্ছে।

কালুরঘাট বেতার কেন্দ্র সংলগ্ন জিয়া স্বাধীনতা কমপ্লেক্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে অতীতে এর নাম পরিবর্তন করা হয়েছিল। ভবিষ্যতে এটি পুনরায় “জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স” নামে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

পরিদর্শনের সময় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কার শেষে জাদুঘরটি পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button