সারাদেশ

ঈদের ছুটিতে মাধবকুণ্ডে পর্যটকের ভিড়

অনলাইন নিউজ ডেস্ক

ঈদের টানা ছুটিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ব্যাপক সমাগম হয়েছে। ঈদের দিন থেকে পাঁচ দিনে অর্ধলক্ষাধিক পর্যটক সেখানে ভ্রমণ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় গিয়ে দেখা যায়, ইকোপার্কের প্রধান ফটক থেকে জলপ্রপাত পর্যন্ত পথজুড়ে দর্শনার্থীদের ভিড়। কেউ মূল জলপ্রপাত দেখতে যাচ্ছেন, কেউ আবার পরিকুণ্ড ঝরনা, পাহাড়ি বনাঞ্চল, বড় বড় পাথর ও চা–বাগানের সৌন্দর্য উপভোগ করছেন।

পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে মাধবকুণ্ডে এসেছেন। দর্শনার্থীদের মধ্যে চাকরিজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রবাসীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী ও শিশুদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।

মাধবকুণ্ড ইকোপার্কের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে এবারের পর্যটকসমাগম গত কয়েক বছরের তুলনায় বেশি। এতে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

মাধবকুণ্ডে দায়িত্ব পালনরত বন বিভাগের বিট কর্মকর্তা সোহেল রানা এবং পর্যটন পুলিশের এএসআই ওবায়দুর রহমান বলেন, ঈদের আগে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পর্যটন পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়। সার্বক্ষণিক নজরদারির কারণে পর্যটকদের কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে হয়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, বন বিভাগ ও পর্যটন পুলিশের সঙ্গে সমন্বয় করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। ফলে ঈদের ছুটিতে মাধবকুণ্ড এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত হিসেবে পরিচিত মাধবকুণ্ড প্রতিবছরই বিপুলসংখ্যক পর্যটককে আকর্ষণ করে। ঈদের দীর্ঘ ছুটিতে সেই চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button