স্বাস্থ্য

ডেঙ্গু রোগী বেশি হলে যেমনে পারি অতিরিক্ত ডাক্তার দেব: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিকস ও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোগীর সংখ্যা বেড়ে গেলে অতিরিক্ত চিকিৎসক নিয়োগসহ জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুমে রোগী বাড়লে চিকিৎসা সেবায় যেকোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে। চিকিৎসকদের কাছ থেকে চাহিদা পাওয়া মাত্রই সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে এবং অবস্থার অবনতি হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে চিকিৎসক ও জনবল পুনর্বণ্টন করে সেবা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে উন্মুক্ত করেছিলেন। এ সময় তিনি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button