স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক

দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন। এর মধ্যে ৭৫১ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে, আর পরীক্ষায় ১২১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামজনিত কোনো মৃত্যু হয়নি। মৃত তিন শিশুর মধ্যে একজন সিলেট বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ আগস্ট সকাল পর্যন্ত, অর্থাৎ গত ১৩৯ দিনে হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪৪ জন উপসর্গ নিয়ে মারা গেছে এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৬ শিশুর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৬৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৩৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনে। একই সময়ে পরীক্ষায় ১৬ হাজার ১৮০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button