জাতীয়

সিলেট-জাফলং রেললাইন নির্মাণ ,রেল সচিবকে নিয়ে জাফলংয়ে আরিফুল হক

অনলাইন নিউজ ডেস্ক

সিলেট থেকে জাফলং পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ে রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সিলেট সফরে এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১ আগস্ট) দুপুরে আন্তনগর পারাবত এক্সপ্রেসে সিলেটে পৌঁছান তিনি। পরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনকে সঙ্গে নিয়ে সড়কপথে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন।

সফরকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা সিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সরেজমিনে পরিদর্শন করবেন। এ পরিদর্শনের ভিত্তিতেই পরবর্তী সময়ে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

সম্প্রতি সিলেট জেলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, সিলেট-জাফলং রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রেলওয়ের প্রকৌশলীরা এ মাসেই সম্ভাব্যতা যাচাই করবেন। এরপর প্রয়োজনীয় সমীক্ষা শেষে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, এই রেলপথ চালু হলে জাফলং-সিলেট রুটে পণ্য পরিবহন সহজ ও কম ব্যয়বহুল হবে। একই সঙ্গে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতও হবে আরও নিরাপদ, দ্রুত এবং আরামদায়ক।

এদিকে, ট্রেনে সিলেট আসার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেন মন্ত্রী। সকাল ১১টার দিকে পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে তিনি স্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরে ভানুগাছ স্টেশনে ট্রেনটি কিছু সময় যাত্রাবিরতি করলে মন্ত্রী ও সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে রেলসেবার বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন। এ সময় দ্রুত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।

স্টেশন পরিদর্শনের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সফরসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন স্টেশন ও রেললাইনের অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button