খেলাধুলা

ম্যাচ শেষে ওরা জার্সি চাইলেও মাঠে জোরেশোরেই লাথি মেরেছে : মেসি

অনলাইন নিউজ ডেস্ক

লিওনেল মেসির প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার সুযোগ পাওয়াটাই অনেক ফুটবলারের কাছে স্বপ্নের মতো। কেপ ভার্দের খেলোয়াড়দের সেই স্বপ্ন পূরণ হয়েছে। যদিও মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের, তবু পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত লড়াই করেছে আফ্রিকার দলটি।

নির্ধারিত সময়ে সমতা ধরে রেখে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় কেপ ভার্দে এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে। শেষ পর্যন্ত ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আফ্রিকান দলটির বেশ কয়েকজন ফুটবলার তার কাছে স্মারক হিসেবে জার্সিও চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মিক্সড জোন দিয়ে যাওয়ার সময় কেপ ভার্দের কয়েকজন খেলোয়াড় মেসির সঙ্গে ছবি তোলার পাশাপাশি তার জার্সি সংগ্রহের অপেক্ষায় ছিলেন। মেসিও কাউকে হতাশ করেননি; সবার অনুরোধই পূরণ করেন।

পরে বিষয়টি নিয়ে রসিকতা করে মেসি বলেন, “ওরা আমার জার্সি চাইল, সবই চাইল… অথচ মাঠে ওরাই আমাকে জোরেশোরে লাথি মারল (ফাউল করল)!”

ম্যাচে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি। প্রথমার্ধে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে যান তিনি। এ ছাড়া লিসান্দ্রো মার্তিনেজের গোল এবং ডিজনির আত্মঘাতী গোলের ক্ষেত্রেও তার ক্রস থেকেই সুযোগ তৈরি হয়।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, “এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি। যদিও সাম্প্রতিক সময়ে এ দিকটায় খুব একটা সফল হতে পারছিলাম না। এমন ম্যাচে সেট পিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে এমন অনেক ফুটবলার আছে, যারা আকাশে বলের দখল নিতে এবং হেডে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

তবে আত্মসমালোচনাও করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, “আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। ওরা এর আগে স্পেন ও উরুগুয়েকে জিততে দেয়নি। প্রথম গোল করে আমরা সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম এবং ভেবেছিলাম এরপর ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের দখল হারিয়েছি, অনেক নিচে নেমে গেছি এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি।”

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মোহাম্মদ সালাহর মিশর। বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১০টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button