খেলাধুলা

মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ ফাইনালে যাবে ইংল্যান্ড: জো কোলের আত্মবিশ্বাস

অনলাইন নিউজ ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে জিততে হলে লিওনেল মেসির প্রভাব কমিয়ে আনাই ইংল্যান্ডের সবচেয়ে বড় কৌশল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার জো কোল।

নেটফ্লিক্স স্পোর্টসের একটি বিশেষ অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সাবেক চেলসি ও লিভারপুল তারকা বলেন, মেসিকে নিয়ন্ত্রণে রাখতে পারলে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়বে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে কোল বলেন, “আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব।” তার এমন মন্তব্যের পর অনুষ্ঠানে থাকা অন্যরা রসিকতা করে তাকে থামানোর চেষ্টা করলেও নিজের আত্মবিশ্বাসের কথা জানান কোল। তিনি বলেন, ইংল্যান্ড এবার বিশ্বকাপের ফাইনালে উঠবে বলে তিনি আশাবাদী।

তবে সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়দের জয়ের মানসিকতা শক্তিশালী এবং ম্যাচ জিততে ইংল্যান্ডকে কঠিন লড়াই করতে হবে। তবে ইংল্যান্ড দলের গতি ও সামর্থ্যের ওপর আস্থা রেখে তিনি জয়ের আশাবাদও প্রকাশ করেন।

অন্যদিকে, সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল মেসির চেয়ে আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়েই বেশি কথা বলেছেন। তিনি ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ জুটিকে নিয়ে মিশ্র মন্তব্য করেন।

নেভিল বলেন, এই দুই ডিফেন্ডার কখনো অসাধারণ পারফরম্যান্স করেন, আবার কখনো বড় ভুলও করেন। তার ভাষায়, তারা একই সঙ্গে বিশ্বের অন্যতম সেরা এবং সবচেয়ে অনিশ্চিত সেন্টারব্যাক জুটি।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বহুল আলোচিত সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। ম্যাচের আগেই দুই দলের সাবেক তারকাদের মন্তব্য ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button