

অনলাইন নিউজ ডেস্ক
দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তে সমন্বয়হীনতার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের বিষয়টি সরকারকে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির ষান্মাসিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অসংখ্য শিক্ষার্থী নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এ অবস্থায় পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি এবং মানসিক চাপ সৃষ্টি করবে।
মুনতাছির আহমাদ অভিযোগ করেন, শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতা ও দায়িত্বহীন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও ভোগান্তি বেড়েছে। পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও অব্যবস্থাপনার ফলে অনেক পরীক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর নৈতিক দায়ের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে।
এছাড়া তিনি উল্লেখ করেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই দেশের দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা স্থগিত রাখা উচিত। একই সঙ্গে পুনর্নির্ধারিত পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণের আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়।



