

অনলাইন নিউজ ডেস্ক
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দিল্লিতে অবস্থান করে আত্মসমর্পণের কথা বলা ব্যক্তিদের বাংলাদেশের প্রচলিত আইনে আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি বলেন, তারা দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বাংলাদেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশে আর কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, দেশের ভেতরে বিভেদের সুরকে কেন্দ্র করে দিল্লি থেকে আত্মসমর্পণের কথা বলা হচ্ছে। তবে তিনি দাবি করেন, আইনের দৃষ্টিতে তারা দণ্ডপ্রাপ্ত আসামি এবং দেশে ফিরলে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের জবাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে।
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টি তদন্ত প্রতিবেদন জমা পড়েছে এবং ৪টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। তিনি বলেন, আবু সাঈদ হত্যা ও হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় হয়েছে।
মন্ত্রী আরও জানান, ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে ১০৯টি মামলা নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ৪৩টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং ৬টি মামলার বিচার শেষ হয়েছে। এসব মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৫ জনের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে বলে তিনি জানান। এছাড়া একজন রাজসাক্ষী খালাস পেয়েছেন। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪টি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন জেলায় সংঘটিত জুলাই হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের তদন্তও চলমান রয়েছে।
আলোচনায় তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিভাজনমূলক রাজনীতি পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা, কৃষি, কর্মসংস্থান এবং আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যের শেষাংশে রাজনৈতিক মিত্রদের উদ্দেশে তিনি বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরীক্ষিত জোট ও সহযোদ্ধাদের সঙ্গে ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়া উচিত।



