জাতীয়

ডেমরা পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন।

সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে তিনি কিছুদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের ধারণা। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button