

অনলাইন নিউজ ডেস্ক
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চাঁন।
সমাবেশকে সফল করতে জামায়াত ও জোটভুক্ত দলগুলো কয়েক দিন ধরে সিলেটে প্রচার-প্রচারণা চালাচ্ছে। জোটের নেতারা জানিয়েছেন, এ সমাবেশ থেকেই পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশস্থল পরিদর্শন শেষে সোমবার (২০ জুলাই) জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশের ধারাবাহিকতার শেষ আয়োজন হবে সিলেটে। এখান থেকেই জোটের জাতীয় নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
তিনি বলেন, বৈরী আবহাওয়া সত্ত্বেও দেশের সব বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। সিলেটের সমাবেশেও চার জেলার পাশাপাশি মহানগরের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে বলে তাদের প্রত্যাশা।
জুবায়ের দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে এবং দেশে হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়ে গেলেও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।
সিলেটের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা ও ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের ধীরগতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে প্রবাসীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিভাগীয় সমাবেশে এসব আঞ্চলিক দাবিও তুলে ধরা হবে বলে জানান তিনি।
সমাবেশস্থল পরিদর্শনের সময় মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস, লেবার পার্টি, এলডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



