

অনলাইন নিউজ ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করার অভিযোগে তাদের একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্তকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কাপড় কাটার একটি কাঁচিও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ারা থানা পুলিশ। এর আগে শনিবার রাতে নিহতের ভাই তপন দাশ গুপ্ত বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতরা হলেন উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের বাসিন্দা স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত (৫৫)।
পুলিশ জানায়, রমিরাজ তার মা-বাবার একমাত্র সন্তান। দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। প্রায়ই তিনি মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর পৌনে দুইটার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রমিরাজ। একপর্যায়ে ঘরে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে মায়ের গলায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তের ওপরও হামলা চালান রমিরাজ। কাঁচির আঘাতে গুরুতর আহত স্বপনকে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রমিরাজকে গ্রেপ্তার করে। পরে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়।
পুলিশ দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, হত্যায় ব্যবহৃত কাঁচিও উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে



