

অনলাইন নিউজ ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক উৎপাদনের কেন্দ্র (অ্যাগ্রিকালচারাল হাব) এবং দক্ষিণাঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে কৃষিতে উদ্বৃত্ত উৎপাদন বৃদ্ধি করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও রয়েছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার রয়েছে। তাই কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি নতুন সুযোগ পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে, যাতে তা কোনোভাবেই ব্যর্থতায় পরিণত না হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তিত প্রযুক্তি, উদ্ভাবন ও নতুন চিন্তাভাবনা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।



