

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপিকে ফ্যাসিবাদী বলার পেছনে জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)।
জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে জামায়াত আদৌ একটি গণতান্ত্রিক দল কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তিনি আরও জানান, কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগ বাড়িয়ে বাণিজ্যিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
এ সময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



