ক্যাম্পাস

রাকসু জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগ ঘিরে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণ করেন। পরে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন।

এ ঘটনার প্রতিবাদ জানাতে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার ও কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তিকে মারধর করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে, ঘটনার কিছুক্ষণ পর সালাহউদ্দিন আম্মারের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। তার অনুসারীদের দাবি, হামলায় রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিবও আহত হয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি বরদাশত করা হবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button