

ভারতজুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নতুন করে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার সরকারি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে পুনরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সোমবার (২৭ জুলাই) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মূল দাবির একটি বাস্তবায়িত হওয়ায় অভিজিৎ দিপকের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে চলা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ স্থগিত করা হয়েছিল।
তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার চুক্তি লঙ্ঘন করা হচ্ছে। তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লিতে আন্দোলনের লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের নজরদারি ও হয়রানির ঘটনাও ঘটছে।
সিজেপি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং নতুন করে কোনো মামলা না করার দাবি জানিয়েছে। একই সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি অনুযায়ী মামলা বাতিলের লিখিত চুক্তি মঙ্গলবারের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি সতর্ক করে বলেছে, এসব দাবি পূরণ না হলে তারা আবারও রাজপথে কঠোর আন্দোলনে নামবে।
এর আগে শনিবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, নিট পরীক্ষার জালিয়াতির ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। পাশাপাশি সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে চার সপ্তাহ পর পরবর্তী বৈঠক আয়োজনের কথাও জানায় সংগঠনটি।
উল্লেখ্য, গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর ভারতের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছে সিজেপি।



