

অনলাইন নিউজ ডেস্ক
পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবিরের নামে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। পাশাপাশি বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, এসব প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্টে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে বলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
কেউ যদি এ ধরনের প্রতারণামূলক বার্তা পান, তাহলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সিআইডির সাইবার পুলিশ সেন্টার কিংবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



