

অনলাইন নিউজ ডেস্ক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে শাখার সদস্য সচিব জিশান আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা ও নকিবুল আবছার শাওন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিশ্ববিদ্যালয় শাখা সূত্রে জানা যায়, বহিষ্কৃত তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অন্যদিকে সদস্য সচিব জিশান আহম্মেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালকের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা, সংগঠনবিরোধী তৎপরতা ও অপতথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। আর সদস্য সচিবের পদ স্থগিতের সিদ্ধান্ত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।
পদ স্থগিত হওয়ার পর জিশান আহম্মেদ কেন্দ্রীয় ছাত্রদলের দুটি বিজ্ঞপ্তি নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত।”



