

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের বাউন্ডারি দেয়াল ধসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় রাজিয়া বেগম (৫৫) নামে এক নারী আহত হয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ভাই দেলোয়ার হোসেন জানান, রাজিয়া বেগম টিসিবির পণ্য কিনতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
এসআই মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কলেজের বাউন্ডারি দেয়ালের পাশে টিসিবির পণ্য সংগ্রহের জন্য কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।



