জাতীয়

সংবেদনশীল পণ্যের সরবরাহে এআইভিত্তিক বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি বলেন, কৃষি, খাদ্য, শিল্পসহ বিভিন্ন খাতের পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি ও বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।

মন্ত্রী বলেন, বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ অনেক সময় সরবরাহ সংকট। কোনো পণ্যের উৎপাদন বা আমদানিতে সমস্যা দেখা দিলে আগাম তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া গেলে বাজারে অস্থিতিশীলতা কমানো সম্ভব হবে।

তিনি জানান, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের স্থানীয় উৎপাদন, মৌসুমি ঘাটতি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়মিত বিশ্লেষণের জন্য এআইভিত্তিক একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

বাণিজ্যমন্ত্রীর ভাষ্য, এই প্ল্যাটফর্ম ১০ বছরের উৎপাদন, আমদানি-রপ্তানি ও বাজারসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতি, উপযুক্ত আমদানির সময়, সম্ভাব্য উৎস দেশ এবং বাজার পরিস্থিতি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

তিনি বলেন, বর্তমানে এসব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করতে সময় লাগে। এআইভিত্তিক ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় বিশ্লেষণ পাওয়া সম্ভব হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি, খাদ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে কাজ করবে বলে জানান তিনি। সরকারি তথ্যের পাশাপাশি আন্তর্জাতিক ওপেন সোর্স ও সাবস্ক্রিপশনভিত্তিক তথ্য ব্যবহার করে একটি সমৃদ্ধ ডেটাবেজও গড়ে তোলা হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এআইনির্ভর এ ব্যবস্থা দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে, যার মাধ্যমে সারা বছর গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত করা সম্ভব হবে।

সভায় ই-কমার্স খাতের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button