

অনলাইন নিউজ ডেস্ক
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধী দলের বেপরোয়া আচরণ, কাণ্ডজ্ঞানহীন ও অশালীন বক্তব্য গণতান্ত্রিক রাজনীতির জন্য কাম্য নয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা বা অপপ্রচার নয়, বরং বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ প্রত্যাশা করে সরকার। তিনি দাবি করেন, বর্তমানে দেশে রাজনৈতিক মত প্রকাশ বা বক্তব্য দেওয়ার কারণে কাউকে গুম বা হত্যার শিকার হতে হচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমান বিরোধী দলই ভবিষ্যতে সরকার গঠন করতে পারে। তাই এখন থেকেই তাদের দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি চর্চা করা উচিত। বেপরোয়া আচরণ এবং কাণ্ডজ্ঞানহীন বক্তব্য গণতন্ত্রকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করে।
রিজভী বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, আগামী ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।



