

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে। তিনি দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, জিভে ঘা ও শারীরিক কিছু জটিলতার কারণে পাঁচ দিন ধরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন তার মেয়ে। ভোররাতে পাশের রোগীর স্বজনেরা তাকে জানান, রিয়া ভবন থেকে লাফ দিতে যাচ্ছেন। তিনি দ্রুত সেখানে পৌঁছালেও ততক্ষণে রিয়া নিচে থাকা একটি প্রাইভেট কারের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
লতিফ মল্লিক আরও বলেন, এসএসসি পাসের পর সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। তবে দীর্ঘদিন সন্তান না হওয়ায় ধীরে ধীরে তার মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। গত ১০ দিন ধরে তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি প্রায়ই অসংলগ্ন কথা বলতেন এবং মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, “এটা কোন দেশ? আমি কোন দেশে আছি?”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।
যদি আপনার বা আপনার পরিচিত কারও মধ্যে আত্মহানির চিন্তা, মানসিক সংকট বা আচরণগত পরিবর্তনের লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত পরিবারের সদস্য, একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা স্থানীয় জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ।



