রাজনীতি

পাটওয়ারীকে ছাড়া কোথাও গেলে এনসিপিকে সহযোগিতা করবে বিএনপি: রাশেদ খান

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে দেশের যেকোনো স্থানে কর্মসূচি পালন করলে বিএনপি এনসিপিকে সহযোগিতা করবে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি এনসিপির উদ্দেশে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে আপনারা দেশের যেখানেই যান, বিএনপি আপনাদের সহযোগিতা করবে।”

সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং দলটির কিছু নেতা-কর্মী বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত। তিনি আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না এবং এনসিপি গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।

ওই কর্মসূচি শেষে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে দলটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে পাল্টা কর্মসূচি দেয় হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

পরবর্তীতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। একই সময় সিলেটেও এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দেন, আপাতত তিনি আর কোনো মন্তব্য করবেন না। সার্জিস আলমের গাড়িতে হামলার অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন থেকে তিনি নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

ঝিনাইদহের অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এম এ মজিদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button