

অনলাইন নিউজ ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ধৈর্য ধরে বসে থাকবে আর একটি পক্ষ জুলাই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব নিজেদের করে নেবে— এমন সুযোগ নেই।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই স্মৃতিচারণ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরিফুল হক চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন। তাই এর ইতিহাস বিকৃত করা বা কোনো একক ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, আন্দোলনের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে তথ্যনির্ভর প্রচার এবং সাংগঠনিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং এর প্রকৃত চিত্র তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আন্দোলনের সঠিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



