জাতীয়

সুরমা নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে জামালগঞ্জে ধর্মঘট অব্যাহত

অনলাইন নিউজ ডেস্ক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর লালপুর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নামে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ডাকা পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে চুনাপাথর পরিবহন ও ব্যবসায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এর ফলে অন্তত ১০ হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে লালপুর এলাকায় অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। জামালগঞ্জ নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সময় লালপুরে বিআইডব্লিউটিএর ঘাট চালুর পর থেকেই স্থানীয় একটি চক্র সেখানে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। তাদের দাবি, সরকার পরিবর্তনের পরও সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি করা চুনাপাথর তাহিরপুরের পাটলাই নদী হয়ে জামালগঞ্জের সুরমা নদীতে পৌঁছানোর পথে বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলসহ বিভিন্ন স্থানে কর পরিশোধ করতে হয়। এরপর লালপুরে পৌঁছালে আবারও টোল দিতে হচ্ছে, যদিও সেখানে বিআইডব্লিউটিএর কোনো জেটি নেই এবং জেটি ব্যবহার করে পণ্য ওঠানামাও করা হয় না।

তাদের অভিযোগ, লোড ও আনলোড মিলিয়ে প্রতি ঘনফুটে ৫ টাকা ৬০ পয়সা হারে টোল আদায় করা হচ্ছে, যা সরকারি নির্ধারিত হারের তুলনায় কয়েক গুণ বেশি।

আন্দোলনকারীরা জানান, নৌপথে অতিরিক্ত টোল ও চাঁদাবাজির প্রতিবাদে তাহিরপুরের যাদুকাটা, পাটলাই ও রক্তি নদী এবং জামালগঞ্জের সুরমা নদীপথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পরে যাদুকাটা, পাটলাই ও রক্তি নদীতে ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়ায় সেসব এলাকায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে লালপুরে টোল আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সেখানে ধর্মঘট অব্যাহত রয়েছে।

ধর্মঘটের কারণে চুনাপাথর পরিবহন, ব্যবসা ও সংশ্লিষ্ট শিল্প কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। ব্যবসায়ীদের দাবি, এর প্রভাব সীমান্ত দিয়ে চুনাপাথর আমদানিতেও পড়েছে। মিল ও নৌপরিবহন বন্ধ থাকায় অন্তত ১০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী নবীনুর, জসিম, অমির, লোকমান ও আল-আমীনসহ স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button