জাতীয়

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

এ দেশে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়—সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম যার যার, তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল গুজব ছড়াচ্ছে। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করতে হবে।

দীর্ঘদিন জনগণের অধিকার কেড়ে নিয়ে নিষ্ঠুর শাসন চালানো হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এখন বাংলাদেশ পুনর্গঠনের পালা।

এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button