

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্যের অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া এক যুবককে নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
রাশেদ খাঁন তাঁর পোস্টে উল্লেখ করেন, কয়েক মাস আগে জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদে বলেছিলেন, কেউ প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।
পুলিশ হেফাজতে থাকা ওই যুবকের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তিনি প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে ‘বিশ্রী, অশ্লীল ও কদর্য ভাষায়’ গালিগালাজ করেছেন। এ ধরনের ঘটনার প্রতিকার না হলে তা সমাজে ‘ব্যাধির মতো’ ছড়িয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। একই সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে কারও সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগের জন্য জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা দেখা দিতে পারে। তবে এ কারণে সরাসরি প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ওই যুবককে পুলিশ হেফাজতে না নেওয়া হলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়তে পারত কি না—এমন প্রশ্নও তোলেন রাশেদ খাঁন। তাঁর দাবি, বাংলাদেশের সামাজিক বাস্তবতা এখনও যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো নয়। তাই সামাজিক সুস্থতা বজায় রাখতে সাইবার অপরাধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পাশাপাশি একই পোস্টে বর্তমান সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও করেন রাশেদ খাঁন।



