

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে প্রার্থীরা কোনো ধরনের যানবাহনের সুবিধা দিতে পারবেন না। এ ধরনের সুবিধা প্রদান করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট কিংবা সমর্থকরা যেন ভোটারদের ভোটকেন্দ্রে আনতে কোনো ধরনের যানবাহন ব্যবহার না করেন এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থি কোনো কার্যক্রমে জড়িত না হন। এ লক্ষ্যে প্রার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে জানিয়ে সতর্ক করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



