

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)–সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফুলকপি প্রতীকের কয়েকজন সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে তারা প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন, ফলে উভয় দিকে প্রায় চার কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দীর্ঘ সময় সড়ক অবরোধ মুক্ত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় কানুরামপুর এলাকায় ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকরা মিছিল বের করেন। একই সময়ে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের সমর্থকরাও পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিডিপি প্রার্থীর সমর্থকদের দাবি, কানুরামপুর এলাকায় তাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল এবং প্রশাসনের অনুমতি নিয়েই মিছিল করা হচ্ছিল। এ সময় ধানের শীষের সমর্থকরা তাদের মিছিলে হামলা চালায়, এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার প্রতিবাদে ফুলকপি প্রতীকের প্রার্থী একেএম আনোয়ারুল ইসলাম চানকে সঙ্গে নিয়ে তারা সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, ‘আমাদের কোনো সমর্থক হামলার ঘটনায় জড়িত নয়। জামায়াতের লোকজন পরিকল্পিতভাবে তুচ্ছ ঘটনাকে বড় করে দেখাচ্ছে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



