

কুমিল্লার চৌদ্দগ্রামে ছয় ঘণ্টায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো—চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, পৃথক ঘটনায় পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, একই দিনে তিন শিশুর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া।
Rewrite



