

অনলাইন নিউজ ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি প্রয়োজন হলে আইন প্রয়োগেরও হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গৃহীত কর্মসূচিগুলোর মাধ্যমে একদিকে যেমন মানুষকে সচেতন করা হবে, অন্যদিকে প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। সবাই নিজে সচেতন হলে এবং অন্যদের সচেতন করতে ভূমিকা রাখলে ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ অনেক সহজ হয়ে যাবে।
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।



