রাজধানী

১৬ হাজার পিস ইয়াবার চালানসহ ‘গডফাদার’ বাবু আটক

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটক ব্যক্তি মো. বাবুল হোসেন ওরফে বাবু (৪৫)। মঙ্গলবার (৯ জুন) দুপুরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো ১৬ হাজার পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন বাবুল। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি ঢাকার কেরানীগঞ্জ থেকে যশোরগামী একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা বহন করছেন। এ তথ্যের ভিত্তিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় যশোরগামী ‘লিটন ট্রাভেলস’ বাসে তল্লাশি চালিয়ে সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান, তিনি কেরানীগঞ্জের বাসিন্দা হলেও বর্তমানে যশোরে বসবাস করেন। সেখানে অবস্থানকালে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। তদন্তকারীদের ধারণা, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে প্রথমে কেরানীগঞ্জে মজুদ করা হতো। পরে সেগুলো বাসযোগে যশোরে নিয়ে গিয়ে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো।

ডিএনসি জানিয়েছে, আটক ব্যক্তি এর আগেও একাধিক বড় মাদকের চালান সরবরাহ করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরো চক্র শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ইয়াবাসহ সব ধরনের মাদকের বিস্তার রোধে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button