জাতীয়

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন

অনলাইন নিউজ ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মিড-ডে মিল একটি নতুন উদ্যোগ, যা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।

শনিবার (১ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে পারে এবং ভবিষ্যতে বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ পায়, সে লক্ষ্যেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সময়ে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা বৃত্তির ব্যবস্থাও চালু করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক স্তর থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে এবং ধাপে ধাপে সব স্তরে তা বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কীভাবে তাদের প্রোটিনের চাহিদা পূরণ করা যায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এ লক্ষ্যেই বিদ্যালয়গুলোতে পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button