জাতীয়

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে : মাহমুদা মিতু

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্মৃতি ধরে রাখার কাজ অব্যাহত রাখতে হবে। এ নিয়ে সমালোচনা বা বিদ্রূপকে গুরুত্ব না দিয়ে সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের দাবিতে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু বলেন, বিএনপির নেতারা প্রায়ই এনসিপির বিরুদ্ধে ‘জুলাই নিয়ে ব্যবসা’ করার অভিযোগ তোলেন। তার দাবি, এ ধরনের বক্তব্যের মাধ্যমে জুলাই আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্ব খাটো করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিও সংরক্ষণ করা প্রয়োজন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়াই তাদের রাজনৈতিক লক্ষ্য। সংবিধান, পুলিশ ও গুম কমিশনসহ বিভিন্ন খাতে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে মাহমুদা মিতু বলেন, যে আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান সরকার গঠিত হয়েছে, সেই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি কর্মসংস্থান সৃষ্টি, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে তিনি বলেন, ভয়ভীতি বা অপপ্রচার দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরানো যাবে না এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুব শক্তির আহ্বায়ক মো. মুজিব এবং জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক তাজুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button