

কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী ও তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, তাঁকে নিয়ে কোথাও সমালোচনা বা কটু কথা বলা হলে তার জবাবে যেন কেউ খারাপ ভাষা ব্যবহার না করেন।
পোস্টে মুফতি আমির হামজা লিখেছেন, তাঁকে নিয়ে যেসব জায়গায় ‘মিডিয়া ট্রায়াল’ হয় বা কটু কথা বলা হয়, সেখানে গিয়ে সমর্থকেরা যেন খারাপের জবাবে খারাপ কথা না বলেন। তিনি বলেন, প্রয়োজনে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলা অথবা নীরব থেকে এড়িয়ে যাওয়াই উত্তম।
তিনি আরও বলেন, তাঁর পক্ষ নিয়ে কোনো অবস্থাতেই কাউকে কটু কথা না বলার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তাঁর ভাষায়, ‘মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে—এটাই আমাদের কাম্য।’



