রাজনীতি

জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপি নেতা — সালাহউদ্দিন আহমদ

 

 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনি জনসংযোগ শুরু করেছেন।

দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রথমবারের মতো নিজের নির্বাচনি এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। দিনভর চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে জনসংযোগ করে রাতে একই আসনে জামায়াতের দলীয় প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে যান তিনি। জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায়। সেখানে গিয়ে জামায়াত প্রার্থী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম বলেন, ১ ডিসেম্বর দুপুরে জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবিরের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর সালাহউদ্দিন আহমদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। গতকাল ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকায় ফিরে জামায়াত প্রার্থীর বাড়িতে গিয়েও সমবেদনা জানিয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button