

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত অবস্থান করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন।
একটি পোস্টে সম্ভাব্য বিজয় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “যদি আল্লাহর রহমতে দল বিজয়ী হয়, তবে উল্লাস বা মিছিল নয়—বরং সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করা হবে এবং দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করা হবে।”
এর আগে তিনি ভোটের দিন বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ তুলেছেন। তার দাবি, কিছু জায়গায় জাল ভোটের চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারী ভোটারদের হয়রানি এবং কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। তবে ভোটাররা অনেক স্থানে এগুলো প্রতিরোধ করেছেন।
ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সবাইকে দায়িত্বশীলভাবে নিজেদের ভোট সুরক্ষায় কাজ করতে হবে। তিনি একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন, যাতে কোনো কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের ঘটনা না ঘটে।
তিনি আরও বলেন, ভোটের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এবং এ ক্ষেত্রে প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।



