জাতীয়

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

অনলাইন নিউজ ডেস্ক

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে হঠাৎ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের জন্য নতুন সংকট তৈরি করবে। তিনি দাবি করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ ইতোমধ্যে চরম দুর্ভোগে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

মিয়া গোলাম পরওয়ার জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিট ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এর প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে, ফলে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়তে পারে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার ফলেই বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। তিনি সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তা জনগণবিরোধী ও অযৌক্তিক বলে অভিহিত করেন।

বিবৃতিতে তিনি বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button