জাতীয়

বাংলাদেশের ওষুধ ১৪০ দেশে রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ওষুধ বর্তমানে ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে এই বাজার আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যসেবার অবকাঠামোতে ভেন্টিলেটর, আধুনিক যন্ত্রপাতি ও ভ্যাকসিন সরবরাহে ঘাটতি ছিল। এমনকি সিরিঞ্জের মতো মৌলিক সরঞ্জামও পর্যাপ্ত ছিল না বলে দাবি করেন তিনি। এ অবস্থায় বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় হামের মতো সংক্রমণ মোকাবিলা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, হামের অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগতে পারে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (BAPI) অনুদান হিসেবে এক লাখ ইউনিট আইভি স্যালাইন দিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় মজুতে এক লাখ স্যালাইন রয়েছে এবং উপজেলা পর্যায়ে আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন মজুদ রয়েছে। তবে হঠাৎ চাহিদা বেড়ে গেলে অতিরিক্ত স্যালাইনের প্রয়োজন হতে পারে।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের জবাব দিতে প্রতিষ্ঠানটিকে আরও দুই দিন সময় দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মঙ্গলবার (৯ জুন) জবাব পাওয়ার পর মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, “আইন অনুযায়ী কী ধরনের ব্যত্যয় ঘটেছে এবং কী ধরনের অপরাধ হয়েছে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিপূরণের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের এখতিয়ার। সরকার জনস্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু মৌসুম সামনে রেখে রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আক্রান্তদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনে সরকার কাজ করছে এবং ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওষুধ শিল্প নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ খাতকে আরও শক্তিশালী করতে নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। জনগণের কাছে মানসম্মত ওষুধ সাশ্রয়ী মূল্যে বা প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button